মাসুম খান ঝালকাঠি প্রতিনিধি:
ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বাড়াতে এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে কিশোর-কিশোরী ও যুব স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ত করে ঝালকাঠিতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক সচেতনতাই হতে পারে সবচেয়ে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা।
রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় ঝালকাঠি ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের মিলনায়তনে জেলা তথ্য অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য দেন ঝালকাঠি জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা। বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. আলম হোসেন, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মোস্তাফিজুর রহমান এবং ইউনিসেফের সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ অফিসার মো. আব্দুল জলিল। অনুষ্ঠানে ঝালকাঠি মানবকল্যাণ সোসাইটি, প্রথম আলো বন্ধুসভা ও ইয়ুথ অ্যাকশন সোসাইটিসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, এডিস মশার বিস্তার রোধে বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে না দেওয়া এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। একই সঙ্গে পরিবারের প্রতিটি সদস্যকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
সভায় জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা জানান, জেলা তথ্য অফিসের সার্বিক ব্যবস্থাপনায় এবং ইউনিসেফের অর্থায়নে জেলার বিভিন্ন এলাকায় শিগগিরই ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক সচেতনতামূলক প্রচার কার্যক্রম শুরু হবে। এ কর্মসূচির আওতায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে অবহিত করবেন। তিনি আশা প্রকাশ করেন, সমন্বিত এ উদ্যোগ এডিস মশার বিস্তার রোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
https://slotbet.online/