মাসুম খান,ঝালকাঠি প্রতিনিধি:
ডেঙ্গু প্রতিরোধ এবং পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত নগর পরিবেশ নিশ্চিত করতে ঝালকাঠি পৌরসভার উদ্যোগে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। ডেঙ্গুবাহী এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান চালানো হয়।
রবিবার (২৬ জুলাই) সকাল ১০টায় পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের ড্রেন পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন ও তদারকি করেন ঝালকাঠি পৌরসভার প্রশাসক এবং জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) জুলিয়া সুকায়না। অভিযানে ড্রেনে জমে থাকা আবর্জনা, পলিথিন ও ময়লা-আবর্জনা অপসারণ করে পানি চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়।
এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
পৌরসভার প্রশাসক ও জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) জুলিয়া সুকায়না বলেন, বর্ষা মৌসুমে জমে থাকা পানি ও অপরিচ্ছন্ন পরিবেশ ডেঙ্গুবাহী এডিস মশার বংশবিস্তারের অন্যতম প্রধান কারণ। এ পরিস্থিতি মোকাবিলায় পৌরসভার প্রতিটি ওয়ার্ডে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং ড্রেন পরিষ্কার কার্যক্রম আরও জোরদারের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জনস্বার্থে এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে। একই সঙ্গে নগরবাসীকে নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।
পৌরসভা সূত্রে জানা গেছে, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা অভিযানও অব্যাহত থাকবে।
https://slotbet.online/