মাসুম খান ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির ঐতিহাসিক ধানসিঁড়ি নদী, গাবখান চ্যানেল, ভীমরুলীর বিখ্যাত ভাসমান পেয়ারা বাজার এবং পঞ্চমোহনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও বরিশাল বিভাগীয় ‘ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী’ প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ ইতোমধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে। সংশ্লিষ্টরা একে ঝালকাঠির উন্নয়ন ও সম্ভাবনার ইতিহাসে একটি যুগান্তকারী মাইলফলক হিসেবে অভিহিত করছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দারের উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টায় প্রকল্পটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় অন্তর্ভুক্ত হয়। প্রকল্পের প্রাথমিক বাস্তবায়নের জন্য ১৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী, পঞ্চমোহনার ৮৮ দশমিক ৩৬ একর সরকারি জমিতে গড়ে তোলা হবে বরিশাল বিভাগীয় ‘ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী’ এবং একটি আধুনিক ‘রিভারাইন ইকো-ট্যুরিজম হাব’। সমন্বিত এ প্রকল্পে থাকবে কবি জীবনানন্দ দাশ সাহিত্য ও গবেষণা কেন্দ্র, লোকজ জাদুঘর, আধুনিক সাংস্কৃতিক মঞ্চ, পর্যটকবান্ধব জেটি, রিভারফ্রন্ট ইকো-রিসোর্ট এবং গাবখান চ্যানেল ও ধানসিঁড়ি নদীকেন্দ্রিক উন্নত পর্যটন সার্কিট।
সংশ্লিষ্টদের মতে, জেলা প্রশাসনের সুদূরপ্রসারী পরিকল্পনা এবং মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দারের কার্যকর উদ্যোগের ফলে দীর্ঘদিনের প্রত্যাশিত এ প্রকল্প বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে।
বিশেষজ্ঞদের ধারণা, প্রকল্পটি বাস্তবায়িত হলে কবি জীবনানন্দ দাশের স্মৃতিবিজড়িত ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি ঝালকাঠিকে দেশের অন্যতম নদীভিত্তিক পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। একই সঙ্গে নতুন কর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বিকাশ, পর্যটন শিল্পের সম্প্রসারণ এবং স্থানীয় অর্থনীতিতে নতুন গতিশীলতা সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত প্রকল্পের বাস্তবায়ন এবং পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করার দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে ঝালকাঠি জাতীয় ও আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করবে।
#
https://slotbet.online/