রিয়াজুল ইসলাম বাচ্চু:
ঝালকাঠি-২ আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর মনোনীত প্রার্থী শেখ জামাল হোসেন আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। রোববার, ২৯ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে তিনি ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়-এ উপস্থিত হয়ে নির্ধারিত আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মনোনয়ন পত্র দাখিল করেন।
মনোনয়ন পত্র জমা প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে শেখ জামাল হোসেন বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ যে নতুন রাজনৈতিক চেতনা, ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা ও গণতান্ত্রিক পুনর্গঠনের স্বপ্ন দেখেছে, সেই স্বপ্ন বাস্তবায়নের দায়বদ্ধতা থেকেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি বলেন, এই নির্বাচন কেবল একটি আসনের নির্বাচন নয়; এটি গণতন্ত্র পুনরুদ্ধার, রাষ্ট্রীয় সংস্কার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে একটি ঐতিহাসিক গণরায়।
তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে একটি জবাবদিহিমূলক, স্বচ্ছ ও জনবান্ধব রাষ্ট্র গড়ে তোলা সম্ভব। রাষ্ট্র পরিচালনায় জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে তিনি আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রত্যাশা করেন এবং জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ আসনের ভোটারদের ‘ঈগল’ মার্কায় ভোট দিয়ে পরিবর্তনের ধারাকে শক্তিশালী করার আহ্বান জানান।
জনগণের উদ্দেশ্যে দেওয়া প্রতিশ্রুতিতে শেখ জামাল হোসেন বলেন, ঝালকাঠি-২ আসনের মানুষের দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা, কর্মসংস্থানের অভাব, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সংকট দূর করাই তাঁর রাজনীতির প্রধান অঙ্গীকার। নির্বাচিত হলে তিনি প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে নাগরিক সেবা পৌঁছে দিতে একটি কার্যকর স্থানীয় উন্নয়ন কাঠামো গড়ে তুলবেন।
শিক্ষা খাতে তিনি সরকারি স্কুল-কলেজের অবকাঠামো উন্নয়ন, শিক্ষক সংকট নিরসন এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও সহায়তা কর্মসূচি চালুর প্রতিশ্রুতি দেন। পাশাপাশি তরুণদের জন্য কারিগরি ও প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে উদ্যোগ নেওয়ার কথা জানান।
স্বাস্থ্যসেবার বিষয়ে তিনি বলেন, ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলো আধুনিকায়ন, প্রয়োজনীয় চিকিৎসক ও ওষুধ সরবরাহ নিশ্চিত করা হবে। গর্ভবতী মা, শিশু ও বয়স্ক নাগরিকদের জন্য বিশেষ স্বাস্থ্য সহায়তা কর্মসূচি চালু করা হবে।
কৃষক ও মৎস্যজীবীদের প্রসঙ্গে তিনি বলেন, ন্যায্যমূল্য নিশ্চিত করতে মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট ভাঙা, কৃষিপণ্য সংরক্ষণ ও বাজারজাতকরণে সরকারি সহায়তা বৃদ্ধি এবং কৃষিঋণ সহজীকরণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। নদীভাঙন ও জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় দীর্ঘমেয়াদি টেকসই পরিকল্পনা গ্রহণ করা হবে।
দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে শেখ জামাল হোসেন বলেন, সরকারি সেবায় হয়রানি বন্ধে ডিজিটাল সেবা সম্প্রসারণ করা হবে এবং জনপ্রতিনিধিদের নিয়মিত জনগণের কাছে জবাবদিহির ব্যবস্থা চালু করা হবে। নির্বাচিত হলে তিনি নির্দিষ্ট সময় পরপর জনগণের কাছে তাঁর কর্মকাণ্ডের হিসাব তুলে ধরবেন বলেও আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টি ঝালকাঠি জেলা আহ্বায়ক মো. জামাল হোসেন হাওলাদার, জেলা সদস্য সচিব জাহিদুল ইসলাম বশির, জেলা এবি শ্রমিক পার্টির আহবয়ক শেখ মিজানুর রহমান ও সদস্য সচিব মো. রেজাউল ইসলামসহ জেলা, উপজেলা, ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পুনাব)-এর সাংগঠনিক সম্পাদক শেখ মেহেদী হাসান এবং চব্বিশের গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী সম্মুখ সারির ছাত্র-জনতা।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে মনোনয়ন পত্র বিতরণ ও গ্রহণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং নির্বাচন আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে।
https://slotbet.online/