ঝালকাঠী প্রতিনিধি:
ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন-এর দেউরী গ্রামে ভয়াবহ নদী ভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকাল ৫টায় ভাঙনকবলিত সাইক্লোন শেল্টার সংলগ্ন নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শত শত গ্রামবাসী অংশগ্রহণ করে নদী ভাঙনের ভয়াবহতা তুলে ধরেন এবং দ্রুত স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন পোনাবালিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, পোনাবালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউনুস মোল্লা, সদর উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আঃ কুদ্দুস হাওলাদার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ রাকিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও বক্তব্য দেন দেউরী গ্রামের আলতাফ ফকির, মোঃ মোরশেদ হাওলাদার, মোঃ আলমগীর হোসেন, মোঃ আব্দুল মান্নান শরীফ, মোঃ আবুল হোসেন খান, মোঃ বাচ্চু ফরাজী, মোঃ জামাল ফরাজী, মোঃ সোহাগ, মোঃ বুরঝুক ও মোঃ খলিলসহ আরও অনেকে।
মানববন্ধনে বক্তারা জানান, দীর্ঘদিনের নদী ভাঙনে ইতোমধ্যে প্রায় ৩০০ বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ফলে অসংখ্য পরিবার জমিজমা, বসতভিটা ও ফসলি জমি হারিয়ে চরম মানবিক সংকটে পড়েছে। অনেক পরিবার আজ নিঃস্ব হয়ে মানবেতর জীবনযাপন করছে।
স্থানীয়রা অভিযোগ করেন, ভাঙনের কারণে এলাকার পরিবেশ ও প্রতিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নদী ভাঙনের হুমকিতে রয়েছে স্থানীয় সাইক্লোন শেল্টারসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে অচিরেই পুরো এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এলাকাবাসী অবিলম্বে জিও ব্যাগ ও ব্লক ফেলে জরুরি ভিত্তিতে নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধন থেকে স্থানীয় সংসদ সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. জিয়াউদ্দিন হায়দার স্বপন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনসহ সংশ্লিষ্ট সকল জনপ্রতিনিধির প্রতি দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, দেউরী গ্রামের মানুষ আজ চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। নদী ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে কেবল ঘরবাড়িই নয়, এলাকার শিক্ষা, পরিবেশ, অবকাঠামো এবং মানুষের জীবন-জীবিকাও ভয়াবহ হুমকির মুখে পড়বে।
https://slotbet.online/