মাসুম খান,ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়ন সংলগ্ন বিষখালী নদীর ভয়াবহ ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে থাকা বসতবাড়ি, কৃষিজমি, শিক্ষা প্রতিষ্ঠান, সড়কসহ গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় এ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
বুধবার (১ জুলাই) বিকেলে ভাঙনকবলিত এলাকা সরেজমিন পরিদর্শন শেষে ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মামুন আল ইসলাম, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ঝালকাঠির নির্বাহী প্রকৌশলী এ.কে.এম. নিলয়সহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা।
উদ্বোধন শেষে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে বিষখালী নদীর ভাঙন প্রতিরোধে করণীয় বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, জরুরি ভিত্তিতে চারটি প্যাকেজের আওতায় জিও ব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে। পাশাপাশি নদীর এ অংশে দীর্ঘমেয়াদি সুরক্ষার লক্ষ্যে একটি স্থায়ী নদী সংরক্ষণ প্রকল্প (স্কিম) গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রস্তাবিত স্থায়ী প্রকল্পটি অনুমোদন ও বাস্তবায়িত হলে বিষখালী নদীর ভাঙন অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে। এর ফলে নদীতীরবর্তী এলাকার বসতবাড়ি, কৃষিজমি, শিক্ষা প্রতিষ্ঠান, সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো দীর্ঘমেয়াদে সুরক্ষা পাবে এবং স্থানীয় মানুষের জীবন-জীবিকাও নিরাপদ হবে।
পরে বড়ইয়া ইউনিয়নের ভাঙনকবলিত এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে নদীভাঙনের বর্তমান পরিস্থিতি, চলমান প্রতিরোধমূলক ব্যবস্থা এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে আলোচনা করা হয়। সভা শেষে ভাঙন থেকে এলাকা রক্ষা এবং দ্রুত স্থায়ী প্রকল্প বাস্তবায়নের প্রত্যাশায় এলাকাবাসীর অংশগ্রহণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
https://slotbet.online/